রাজবাড়ীর গোয়ালন্দে তিন ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত ৫০৬ নম্বর শাটল ট্রেনটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।
তিনি জানান, সোমবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিসহ ট্রেনটি উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, ফিড মিলের পেছনের এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। তবে এতে কোনো যাত্রী বা আশেপাশে থাকা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়নি।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, এ রুটে অন্য কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকাল ১১টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেনটি গন্তব্যস্থলে রওনা দেয়।