কোটা সংস্কার চাওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ক্যাডারদের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘গত রবিবার সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর উক্তি দেশকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।’
তিনি বলেন, ‘কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সংগতভাবে এ ব্যাপারে তাদের ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রীকে এভাবে সব শিক্ষার্থী এবং সমর্থকদের রাজাকারের দোসর হিসেবে চিত্রিত করার বক্তব্য প্রত্যাহার করতে বলেছে। এটা খুবই যুক্তিযুক্ত দাবি এবং গণতান্ত্রিক দেশসমূহে এর নজির আছে।’
মান্না বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের বিষয়ে কর্ণপাত না করে ছাত্রলীগ ও তার পান্ডারা আজ (সোমবার) সারা দিন যে তাণ্ডব চালিয়েছে তাতে ধিক্কার জানাচ্ছি। এ ঘটনায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই নারীসহ দেড় শতাধিক শিক্ষার্থীকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ এবং সরকারের বহিরাগত গুন্ডারা । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি স্মরণ করিয়ে দিতে চাই- আইয়ুব, ইয়াহিয়া থেকে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ভোটবিহীন জবরদখলকারী এই সরকারের জন্য একই পরিণতি অপেক্ষা করছে।’