ঢাবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আহত

কোটা আন্দোলনের ঘটনায় সংবাদ সংগ্রহ করার সময় আহত হয়েছেন জনকণ্ঠ পত্রিকার চিত্র সাংবাদিক সুমন্ত চক্রবর্তী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

আহত এই সাংবাদিক জানান, সংবাদ সংগ্রহের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হলে যান। সেখানে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে ধাওয়া দিলে তিনি এর মাঝে পড়ে যান। তখন দৌড়ে সেখান থেকে সরে যাওয়ার সময় ধাক্কা লেগে মাটিতে পড়ে যান এবং এরপর তার পায়ের উপর দিয়ে কয়েকজন দৌড়ে চলে যায়। 

তিনি আরও জানান, আহত অবস্থায় তিনি রিকশাযোগে ঢাকা মেডিকেলে যান। সেখানে জরুরি বিভাগে তার পায়ের এক্সরে করার পর ফ্র্যাকচার দেখা যায়। পরবর্তী চিকিৎসা করা তার পায়ে প্লাস্টার করে তাকে ছাড়পত্র দেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দোয়েল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে ঢাবি ক্যাম্পাসে উপস্থিত ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।