ইতি টানলেন মুলার

১৪ বছর ধরে জার্মানির জার্সিটি ছিল টমাস মুলারের নিত্যসঙ্গী। আর কখনো প্রিয় জার্সিটি পরা হবে না তার। আজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এ তারকা ফুটবলার।

২০১৪ বিশ্বকাপজয়ী মুলার সামাজিক যোগাযোগমাধ্যমে আজ এক ভিডিওতে নিজের অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, ‘সবসময়ই দেশের হয়ে খেলতে পারাটা আমাকে গর্বিত করতো। ১৪ বছর আগে যখন জার্মানির হয়ে প্রথম ম্যাচটি খেলার সুযোগ হলো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এত বছর ধরে সমর্থন জানিয়ে আমার সঙ্গে থাকার জন্য সকল সমর্থক এবং জাতীয় দলের সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thomas Müller (@esmuellert)

২০১০ সালের ৩ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে অভিষেক ঘটে মুলারের। অভিজ্ঞ এ ফরোয়ার্ড তার ক্যারিয়ারে ৪টি করে বিশ্বকাপ ও ইউরো খেলেছেন। ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট এবং সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ওই বার আসরে তৃতীয় হয়েছিল জার্মানি। পরের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করার পথে দারুণ অবদান রেখেছিলেন মুলার। আসরে করেছিলেন ৫ গোল। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেলে গোল করতে পারেননি।

জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩১টি ম্যাচ খেলেছেন মুলার। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লোথার মাথাউস এবং মিরোস্লাভ ক্লোজা। ৪৫ বার জালের দেখা পাওয়া মুলার জার্মানির ইতিহাসে ৭ম শীর্ষ গোলদাতা। এবার ঘরের মাঠে ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর কোচ জুলিয়ান নাগেলসম্যানের সঙ্গে কথা বলে অবসর বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন মুলার। আর আজ ইতি টানার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিলেন এ তারকা।