৩২ বছরেই অবসর নিলেন শাকিরি

বয়স ৩২ বছর কিন্তু পারফরম্যান্স পড়তির দিকে। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ড দলে থাকলেও খুব বেশি খেলার সুযোগ পাননি জারদান শাকিরি। ইউরো আসর শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। তবে খেলে যাবেন ক্লাব ফুটবলে। শাকিরি ক্লাব ফুটবলে খেলছেন যুক্তরাষ্ট্রের শিকাগো ফায়ার-এ।

বিদায়ী বার্তায় বলেন, 'সাতটি টুর্নামেন্ট, অনেক গোল, সুইস জাতীয় দলের হয়ে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার সময় এসেছে। দারুণ সব স্মৃতি রয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'

ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ইউরোর কোয়ার্টার ফাইনাল হয়ে রইল জাতীয় দলের হয়ে শাকিরির শেষ ম্যাচ। ওই লড়াইয়ে বদলি নেমে ১১ মিনিট খেলেছিলেন তিনি। তার আগে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন।

শাকিরি সুইজারল্যান্ডের হয়ে ১২৫ ম্যাচে ৩২ গোল ও ৩৪ অ্যাসিস্ট করেন।