কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তা (কাস্টমস সুপার) মো. আকছির উদ্দিন মোল্যার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিগগিরই দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়।

দুদকের অনুসন্ধানে জানা যায়, কাস্টমস কর্মকর্তা মো. আকছির উদ্দিন মোল্যা ২০২৩ সালের ১৬ মে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। তিনি সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ মোট ৮১ লাখ ৫৯ হাজার ১৬০ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু অনুসন্ধানকালে তার স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ মোট ১ কোটি ৭০ লাখ ৭৪ হাজার ৫৫৪ টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। সে হিসাবে তিনি ৮৯ লাখ ১৫ হাজার ৩৫৪ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।

অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে ওই কাস্টমস কর্মকর্তার ২ লাখ ৬৬ হাজার টাকার ঋণ পাওয়া যায়।