কোটা সংস্কার আন্দোলনে যাঁরা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাঁদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে আন্দোলনের (কোটা সংস্কার) ‘রিমোট কন্ট্রোল’ চলে গেছে। ছাত্রলীগ রাজনৈতিকভাবে কোটা সংস্কার আন্দোলন মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সাংবাদিকদের এ কথাগুলো বলেন সাদ্দাম হোসেন।
আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল ছাত্রলীগের।
সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ‘
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে। যৌক্তিক পরিকল্পিত উপায়ের সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।‘
ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আজকের যে আন্দোলন তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা একটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করে। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।‘
তিনি আরও জানান, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আমরা এটাকে মোকাবিলা করব। যারা আজকেও বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব।‘