বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সরকারি আজিজুল হক কলেজের ৪ সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির, পদার্থ বিজ্ঞান বিভাগের সুমন, অর্থনীতি বিভাগের মামুন ও মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানায়, সকাল সাড়ে ১০টার পর কোটা সংস্কার দাবিতে বগুড়া আজিজুল হক কলেজে সামনে রাস্তা অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে তারা সড়ক থেকে কর্মসূচী শেষ করে যে যার বিভাগের দিকে যায়। সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী দৃষ্টি বলেন, ‘আমরা সাড়ে ১১টার দিকে কলেজের লাইব্রেরির পাশে আড্ডা দিচ্ছিলাম। এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।’
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ আহমেদ বলেন, ‘ককটেল বিস্ফোরণ কে ঘটিয়েছে—তা জানি না। তবে সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। তবে আন্দোলনটি ক্যাম্পাসে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে তা অবশ্যই প্রতিহত করা হবে।’
আজিজুল হক কলেজে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।