কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আর এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন তারকারাও। এরমধ্যে চিত্রনায়িকা পরীমণি সোশ্যালে সরব হয়েছেন।
ফেসবুকে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। লেখাটি প্রথমে লিখেছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তাকে ক্রেডিট দিয়েই কথাটি লিখেছেন পরীমণি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে যারা চিকিৎসা সহায়তা নিতে চান, তাদের পাশে দাঁড়াতে চান আলোচিত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, যেসব ছাত্র হলে ঢুকতে পারছেন না বা হামলার শিকার হয়েছেন, তাদের দায়িত্ব নেবেন তিনি।
এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।