ফাইনাল হারার দুই দিন পর ইংল্যান্ড কোচ সাউথগেটের পদত্যাগ

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর পদত্যাগ করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। তিন বছর আগে ওয়েম্বলিতে ইতালির কাছে পেনাল্টিতে হেরে যাওয়া থ্রি লায়ন্সরা রবিবার বার্লিনে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে। সেই হারের পরই দায়িত্ব ছাড়লেন তিনি। অথচ এ বছরের শেষের দিকে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ৫৩ বছর বয়সী এই কোচ আট বছর ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ১০২টি ম্যাচ পরিচালনা করেছেন। যার মধ্যে ৬৪ ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা, ২০ ম্যাচে ড্র। হারের মুখ দেখেছে মাত্র ১৮টি। জয়ের হার ৬৩ শতাংশ।

বিদায়বেলা সাউথগেট বলেন, ‘একজন গর্বিত ইংলিশম্যান হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জীবনের জন্য সম্মানের। এটা আমার কাছে সবকিছু ছিল এবং আমি আমার সবটুকু দিয়েছি। কিন্তু এখন পরিবর্তনের সময়, নতুন অধ্যায়ের সময়।’

২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর গত আট বছরে সাউথগেটের অধীনে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যেখানে দুটি ইউরোর ফাইনাল খেলার পাশাপাশি, ২০১৮ বিশ্বকাপের সেমি-ফাইনাল ও কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছে তার দল।

১৯৬৬ বিশ্বকাপে স্যার আলফ রামসির পর দ্বিতীয় কোচ হিসেবে ইংল্যান্ডকে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে তোলেন সাউথগেট। সাম্প্রতিক সময়ে তিনিই ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে সফল কোচ। তবে এবার ইউরোর ফাইনালে উঠলেও বেশ চাপে ছিলেন। এক ঝাঁক তারকা ফুটবলার পাওয়া সত্ত্বেও সেরাটা বের করে আনতে পারছেন না বলে সমালোচনা ছিল। সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে।

তবে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও এবারের ইউরোর ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে হৃদয় ভাঙে ইংলিশদের। ফলে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আরেকটি ট্রফির জন্য অপেক্ষা বাড়ল তাদের।