শহীদুল্লাহ্ হল-চানখারপুল রণক্ষেত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হামলা শুরু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল-চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। এসময় চানখারপুল-ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই এলাকার নিয়ন্ত্রণ নেন ঢাবি শিক্ষার্থীরা। এসময় তাদের তাড়া খেয়ে বহিরাগতরা চানখারপুল থেকে ভেতরের গলিতে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে৷ তবে এখন পর্যন্ত কারো আহত হবার খবর পাওয়া যায়নি।

সরজমিনে ঢাবি শিক্ষার্থীদের ঢামেক রোড, বার্ন ইউনিট রোড, চানখারপুল মোড়ে অবস্থান নিতে দেখা যায়। অন্যদিকে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের চানখারপুলের ভেতরের গলিতে অবস্থান নিতে দেখা যায়।