ইউরোর সেরা একাদশে ৬ স্প্যানিশ

ইউরো ২০২৪ এর সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। চ্যাম্পিয়ন দল স্পেনের সর্বোচ্চ ছয় জন সুযোগ পেয়েছেন ইউরোর সেরা একাদশে। এছাড়া ফ্রান্সের দুজন এবং সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের একজন করে আছেন সেরা একাদশে।

টুর্নামেন্টের পর্দা নামার এক দিন পর ৪-৩-৩ ফর্মেশনে সেরা একাদশ ঘোষণা করল উয়েফা।

আক্রমণভাগে তরুণদের আধিপত্য। জায়গা পেয়েছেন আসর জুড়ে আলো ছড়ানো স্পেনের দুই তরুণ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। ইয়ামাল জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও। আর ফাইনালে স্পেনের প্রথম গোলটি করেন উইলিয়ামস। আক্রমণভাগের অন্যজন হলেন জার্মানির জামাল মুসিয়ালা। তিন গোল করে আরও পাঁচজনের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মিডফিল্ডের তিনজনই স্প্যানিশ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস।

টানা দ্বিতীয়বারের মতো ইউরোতে রানার্সআপ হওয়া ইংল্যান্ডের কাইল ওয়াকার সেরা একাদশে জায়গা পেয়েছেন। ডিফেন্সে তার সঙ্গে আছেন সেমিফাইনাল থেকে বাদ পড়া ফ্রান্সের উইলিয়াম সালিবা, সুইজারল্যান্ডের মানুয়েল আকাঞ্জি ও স্পেনের মার্ক কুকুরেইয়া। আর গোলপোস্টে আছেন ফ্রান্সের মাইক মাইগনান।

সেরা একাদশ -

গোলকিপার : মাইগনান (ফ্রান্স)

ডিফেন্ডার : ওয়াকার (ইংল্যান্ড), সালিবা (ফ্রান্স), আকাঞ্জি (সুইজারল্যান্ড), কুকুরেইয়া (স্পেন)

মিডফিল্ডার : রদ্রি, ওলমো ও রুইজ (তিন জনই স্পেনের)

ফরোয়ার্ড : ইয়ামাল (স্পেন), মুসিয়ালা (জার্মানি) ও উইলিয়ামস (স্পেন)