চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ফেনী শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারও বাপের না’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সূত্রে জানা গেছে, বিকেলে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনের ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে দেড় ঘণ্টা পর রেললাইন থেকে সরে দাঁড়ান তারা। বিক্ষোভ চলাকালে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারও বাপের না, এমন নানা স্লোগান দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থী হাবিব উল্লাহ বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা রেলপথে দাঁড়ানোর পর পুলিশও সেখানে অবস্থান নেয়। পরে রেল ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হয়। কর্মসূচি শেষে এখন পরিস্থিতি স্বাভাবিক।