লোকদেখানো দানে সওয়াব নেই

দান-সদকা করা আর্থিক ইবাদত। অসহায়ের জন্য দান করলে আল্লাহ খুশি হন। তবে দানের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, তা যেন লোকদেখানোর জন্য না হয়। আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনরা, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে (খোঁটা দিয়ে) তোমাদের দান ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না, যে নিজের ধন-সম্পদ কেবল লোক দেখানোর জন্যই ব্যয় করে।’ (সুরা বাকারা ২৬৪)

লোক দেখানো দান আল্লাহতায়ালা পছন্দ করেন না। লৌকিকতা বা প্রদর্শনপ্রিয়তা তো ছোট শিরক। হজরত রাসুল (সা.) বলেছেন, আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যতটা ভয় পাচ্ছি, অন্য কোনো ব্যাপারে এতটা ভীত নই। তারা (সাহাবি) বললেন, হে আল্লাহর রাসুল! ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া তথা লোক দেখানো আমল। (মুসনাদে আহমদ)

ইবাদতে তৃপ্তির জন্য প্রয়োজন একাগ্রতা আর রিয়ামুক্ত ইবাদত। যা একমাত্র আল্লাহতায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য হবে। আর গোপনে দান করা আল্লাহতায়ালার কাছে অত্যন্ত পছন্দের আমল। পরকালে গোপনে দানকারীর জন্য বিশেষ পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মুমিন আশ্রয় পাবে, তাদের অন্যতম হলেন, ওই ব্যক্তি, যিনি এমনভাবে গোপনে দান করেন যে, তার ডান হাত কি খরচ করে, বাম হাত তা জানতে পারে না। (সহিহ মুসলিম)

লোক দেখানো দানের কোনো সওয়াব নেই। দানের লক্ষ্য যদি হয় আল্লাহকে পাওয়া, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি এবং বিচার দিবসে সুপারিশের মাধ্যম তবে তা কেন লোক দেখানোর জন্য হবে? সুতরাং আমাদের দান-সদকা করার একমাত্র উদ্দেশ্য হোক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে পরকালে তা আমাদের কাজে লাগবে।