নরসিংদীর রায়পুরায় পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পেছনে বেলা ৩টায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আবদুস সালাম (২৯)। এ ঘটনায় আহত হয়েছেন রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজীপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহতরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতেন।
সরেজমিন গিয়ে জানা গেছে, গতকাল দুপুরে সাতজনের একটি ইলেকট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিল। খুঁটি স্থাপন শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।