রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে নিহত দুই যুবকের অপরজনের পরিচয় শনাক্ত হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁর আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করে পরিচয় শনাক্ত করেছেন। নিহত যুবকের নাম সবুজ আলী (২৫)। তিনি নীলফামারি সদর উপজেলার বাদশা আলীর ছেলে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলী মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত ছাত্রলীগ–যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এর মধ্যে বিকেল ৫টার আগে ঢাকা কলেজের সামনের রাস্তায় একদল লোক সবুজ আলীকে মারধর করেন। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।