অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে অফিস।
এদিন সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গত ১৪ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত কোটা আন্দোলনের কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। ১৭ জুলাই বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদেরকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।