বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে বিকেল তিনটার মধ্যে আবাসিক হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হলো।
তবে নোটিশটি খুলে নিয়ে তাতে চালভাজা খেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। তবে ছাত্রীরা জানান, এটা এক ধরনের প্রতিবাদ। হল না ছাড়ার প্রতিবাদ।
এদিকে শেরে বাংলা হলের শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে দুপুর একটায় মিছিল বের করেন। সে সময় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা স্লোগান দিয়ে হল না ছাড়ার কথা জানান।
শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমার ভাইয়ের ওপরে হামলা ও রক্তাক্ত করা হয়েছে। আমরা এর বিচারের দাবি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়ব না।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক এক শিক্ষার্থী জানান, আমরা হল ছাড়ব না। কোটা সংস্কার আন্দোলন আমরা করব। আমাদের অধিকারের প্রশ্ন এটা।