ফেসবুকে পোস্ট দিয়ে আমতলীর ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বরগুনার আমতলীতে ৪ ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার সাথে সাথে পোস্টটি ভাইরাল হয়ে যায়। চলমান কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমতলী ছাত্রলীগের কমিটিতে থাকা বিভিন্ন পদে থাকা এসব নেতারা পদত্যাগ করেছেন।

গত কাল সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বরগুনা আমতলী উপজেলা ও পৌর ছাত্রলীগের ইউনিট কমিটির ৪ জন নেতা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সহ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ ও দপ্তর সম্পাদক বেলাল হোসেন বাপ্পি। আমতলী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জিয়া ও একই কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিল এইচ রাব্বি।

আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সহ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ ফেসবুক পোস্টে লিখেন,  
বিসমিল্লাহির রাহমানির রহিম, আমি মো. সাইদুর রহমান (সাইদ) আমতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিকসহ সম্পাদক পদে আছি। আমি আজ থেকে বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সহ সম্পাদক পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করিলাম।

তৌহিদুল ইসলাম জিয়া ফেসবুকে লেখেন, আমি তৌহিদুল ইসলাম জিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ যে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ।

পৌর ছাত্রলীগের কমিটির অপর এক নেতা তানজিল এইচ রাব্বি ফেসবুকে লেখেন, আমি তানজিল এইচ রাব্বি আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমতলী পৌর ছাত্রলীগ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম ধন্যবাদ, আগে যাও একটু মোটামুটি ছাত্রলীগ করতাম এখন ধিক্কার জানাই। 

ফেসবুকে তাদের এই পোস্ট দেয়ার পর পরই কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারীরা পোস্টে  লাইক দিয়ে  কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিন খান দেশ রূপান্তরকে জানান, কে বা কারা পদত্যাগ করেছে সে বিষয়ে অবগত নেই। আমতলী উপজেলা ছাত্রলীগের কোনো কর্মী যদি সংগঠন পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।