জাবিতে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আবাসিক হলের শিক্ষার্থীদের আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

সিন্ডিকেট সভার রায় ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় রেজিস্ট্রার ভাবনের সামনে। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি ও রডসহ ইটপাটকেল দেখা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরেও শতাধিক বিজিবি মোতায়েন করা করা হয়েছে।

দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও পুলিশ শহীদ মিনার সংলগ্ন সড়কে মুখোমুখি অবস্থান করছেন। যেকোনো মুহূর্তে সংঘর্ষ ঘটার শঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারব না। যাই ঘটুক ঘটনাস্থলে আমি উপস্থিত হতে পারব না।’

দুপুর দেড়টায় কয়েকজন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিতে কর্মরত অন্যান্য  শিক্ষকদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার জন্য অনুরোধ করেন। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে জানান,যাই ঘটে যাক রেজিষ্ট্রার ভবন থেকে বের হবেন না বলে জানিয়ে দেন।