ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা  জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহ ফরিদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের যাত্রী। এ ঘটনায় উভয় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছি। এছাড়া আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে পরবর্তীতে সব কিছু জানানো হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮-১০ জন। এছাড়া আরও বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।