কোটা আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছি, দিয়ে যাব: ফখরুল

কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছি, দিয়ে যাব উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। তাদের নৈতিক সমর্থন দিয়েছি। সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কারণ আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান আমলে শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই আন্দোলন তারা দমন করতে পারেনি। একইভাবে আজকে সরকার যেভাবে চেষ্টা করছে। তার সঙ্গে কোনো মতেই একমত নই। শুধু একমত নই, আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ করছি।

এ সময় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে করতে পারত, কিন্তু তাদের সেই ইচ্ছাটাই নাই বলে মনে হচ্ছে।

তিনি বলেন, এরকম ভয়াবহ ঘটনা জীবনে কখনো দেখিনি। ছয় শিক্ষার্থী তাজা প্রাণ হারিয়েছে। একজন শিক্ষার্থী সাঈদকে রংপুরে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরনের দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও জানান তিনি।