নাটোরে হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার 

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু হত্যা মামলার পলাতক আসামি স্বপন আলীকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি স্বপন আলী উপজেলার বিরোপাড়া এলাকার মৃত পিয়ার আলীর ছেলে। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ঠাকুরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু হত্যা মামলার ৪ নম্বর পলাতক আসামি স্বপন আলীকে ঠাকুরবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।