ইমরান হাশমি কোটা আন্দোলন নিয়ে কিছু বলেননি

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি বাংলাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে নাকি কথা বলেছেন। এমন একটি ফেসবুক পোস্ট গতকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ কারণেই নেটিজেনরা ইমরান হাশমিকে প্রশংসায় ভাসাচ্ছেন। কিন্তু আদতে ইমরান হাশমি কী এমন পোস্ট দিয়েছেন? 

না, মোটেও না। ইমরান হাশমি এ ব্যাপারে ওয়াকিবহাল নন। আর তিনি কোনো পোস্ট দেননি। সামাজিক মাধ্যমের ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম কোথাও এমন পোস্ট ইমরান হাশমি দেননি। ইমরান হাশমির সামাজিক মাধ্যমে এখন শোভা পাচ্ছে তার করা ওয়েব সিরিজ শো টাইমের প্রচার।

তাহলে কোত্থেকে এলো এমন খবর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট থেকে দেখা যায় ইমরান নামের একটি ফেসবুক পেইজ থেকে পোস্ট করা হয়েছে। এটি একটি ফ্যান পেইজ। যেটা ইমরান হাশমির নয়। ইমরান হাশমির কোনো এক ভক্ত এই পেইজ চালান। সেখান থেকেই একটি পোস্ট করা হয়েছে। আর এটিকে সত্য মনে করে সকলেই শেয়ার করছেন।

তবে কোটা আন্দোলন নিয়ে ভারতের সংগীতশিল্পী কবির সুমন ও অভিনেত্রী স্বস্তিকা মুখারর্জি কথা বলেছেন। তারা এমন পরিস্থিতিতে ব্যথিত বলেও জানান।