প্রথমবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলতে গিয়ে খুবই বাজে সময় কাটছে সাকিব আল হাসানের। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাদের সবশেষ ম্যাচের একাদশে এই অল-রাউন্ডারকে রাখেনি। টানা তিনটি হারের পর এই ম্যাচেই অবশেষে জয়ের দেখা পেল সুনিল নারাইনের দল।
আমেরিকার লিগটিতে কোনো ম্যাচে সর্বোচ্চ ছয়জন বিদেশি খেলানোর নিয়ম আছে। নইলে হয়তো আরও আগেই বাদ পড়তে পারতেন সাকিব। চার নম্বরে ব্যাট করানো হলেও সাকিব রান করতে পারেননি। চার ইনিংসে তার রান যথাক্রমে- ১৮, ৩৫, ৭, ০। স্ট্রাইকরেট মাত্র ১২৫। বল হাতে ছিলেন খরুচে। চার ম্যাচে বাঁহাতি এই স্পিনার মাত্র একটি উইকেট নিতে পারেন।
বৃহস্পতিবার সিয়াটল অরকাসকে ১৪২ রানে আটকে রাখতে সক্ষম হয় লস অ্যাঞ্জেলেস। ৫ বল হাতে রেখে এরপর লক্ষ্য তাড়া করে দলটি জিতে যায় ৪ উইকেটে। ছয় ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া লস অ্যাঞ্জেলেসের আর একটি ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ স্থানে।