কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। বৃহস্পতিবার সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। তিন দিনে সংঘর্ষে প্রায় ১৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে নেমেছেন শোবিজ অঙ্গনের শিল্পী ও নির্মাতারাও।
এরমধ্যে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা জানতে চান, কিসের এত আন্দোলন! সেই সঙ্গে লিখেন, সুখে থাকতে ভূতে কিলায়! এরপর লিখেন, আমি এটা কেন লিখলাম?
তিনি আরও লিখেন, কারণ ছাত্রদের আন্দোলন এখন গণপিটনী, অত্যাচার, মৃত্যু,ছাত্রদের জীবন এখন হুমকিতে পরিণত হয়েছে। শুরুতে আন্দোলন স্বাভাবিক থাকলেও এখন বিষয়টা উল্টা ছাত্রদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে।
ভাই ছাত্ররা আগামীর ভবিষ্যৎ ওদের জীবনের মূল্য অনেক। আন্দোলনের জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে নাই। পরিবারের কথা ভাবা উচিত। আন্দোলনকে এখন শুধু ব্যবহার করা হচ্ছে রাজনীতি ষড়যন্ত্রের সার্থে। আর ছাত্ররা মার খাচ্ছে, জীবন বিসর্জন দিচ্ছে। ছাত্র আন্দোলন এখন রাজনীতি ষড়যন্ত্রের মুখে। ছাত্রদের শুধু ব্যবহার করা হচ্ছে। সুতরং মার না খেয়ে ধৈর্য ধরে আন্দোলনের দাবি আদায় করতে হবে। জয় হোক ছাত্রদের দাবির।