দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি একদল শ্রমিক। এ ঘটনায় ৫৭ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আবুধাবির ফেডারেল আপিল কোর্ট। এরমধ্যে ৫৩ জনকে ১০ বছর এবং ৩ জনতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে আবুধাবির আদালত। এছাড়া আরব আমিরাতে বাংলাদেশের শ্রম ভিসা বন্ধ করা হয়েছে।
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ৩০ জন তদন্তকারীর একটি দল এই ঘটনা তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়।
আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকিতে ফেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো এবং এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করা ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল।
এ বিষয়ে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিএনপি-জামাত পন্থিরা বিদেশের মাটিতে বসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলব। আশা করি দ্রুতই এই সংকটের সমাধান হয়ে যাবে।