সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম চিটল সংস্থার প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। হামলার ঘটনায় সোমবার হাউস কমিটির শুনানির পর তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের কাছ থেকে পদত্যাগ করার আহ্বানের মুখোমুখি হয়েছিলেন। এপর মঙ্গলবার এক ইমেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেন।
বিবিসির খবরে বলা হয়, পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের প্রচার সমাবেশে গুলি চালানোর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে আইনপ্রণেতারা ক্রমশ হতাশ হয়ে পড়েন। মঙ্গলবার এজেন্সি কর্মীদের কাছে একটি পদত্যাগপত্রে তিনি বলেন, "এই সংস্থার পরিচালক হিসাবে আমি নিরাপত্তার ত্রুটির জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।"
মিসেস চিটল বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে আমি আপনার পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সর্বদা এজেন্সির প্রয়োজনীয়তাগুলোকে সবার আগে গুরুত্ব দিয়েছি।
তার পদত্যাগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, তিনি কিম চিটলের কয়েক দশকের জনসেবার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।
গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের ওপর গুলি চালানো ঘিরে বহু রিপোর্টে উঠে আসছে ইরানের সংযোগ ঘিরে জল্পনা চলছে। যদিও ইরান এই গুঞ্জনকে সম্পূর্ণ নস্যাৎ করেছে। এছাড়াও গুলি চালনো ম্যাথিউ ক্রুকসের সঙ্গে ইরানের কোনো যোগ পাওয়া যায়নি।
এদিকে ট্রাম্পের ওপর গুলি চালানো হতে পারে, এমন খবর আগাম ছিল সিক্রেট সার্ভিসের কাছে। সেকথা ট্রাম্পের প্রচার টিমকেও জানানো হয়েছিল, বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। কিন্তু তারপরও কেন পরিস্থিতি এড়ানো যায়নি? এমনই নানান প্রশ্নের মাঝে এল চিটলের পদত্যাগের খবর।