নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একজন নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একইসঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
মঙ্গলবার সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক ও সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে অপর বিএনপি নেতা স্থানীয় কাউন্সিলর তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। নারী সাংবাদিক কেন্দ্র এই চরম ন্যাক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত, বিচার ও দোষীদের শাস্তি দাবি করছে।
এতে আরও বলা হয়, সম্প্রতি আন্দোলন চলাকালে দুইজন সাংবাদিক নিহত ও বহু হতাহত হয়েছে। আমরা এই হতাহতের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।