নতুন জগতে পরিণীতি

গত বছর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন ভারতীয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার পেতেছেন। মুম্বাই থেকে দিল্লি, দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী। রাজনৈতিক ব্যক্তিকে বিয়ে করেছেন কিন্তু বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি প্রিয়াঙ্কা চোপড়ার বোন।

ছবির প্রচার থেকে ফ্যাশনসংক্রান্ত নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে পরিণীতিকে। তবে তাতে তেমন কপাল ফেরেনি অভিনেত্রীর।

অভিনেত্রী হিসেবে তার কাজ বরাবর প্রশংসিত হলেও গত কয়েক বছরে বক্স অফিসে নাম করতে পারেনি তার ছবিগুলো। ফলে পেশাগত দিক থেকে তেমন শক্ত মাটি এখনো তৈরি করে উঠতে পারেননি অভিনেত্রী। তবে হাল ছাড়তে নারাজ। অভিনয়কে পাশে সরিয়ে রেখে এবার মাইক্রোফোন হাতে তুলে নিলেন তিনি।

শোনা গেছে, অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোটবেলা থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন। মাঝেমধ্যে সমাজমাধ্যমের পাতাতেও দেখা গেছে গানের প্রতি তার একাগ্রতার ঝলক।

নতুন বছরের শুরুতেই মঞ্চে পারফর্ম করেছেন পরিণীতি। তার প্রথম লাইভ কনসার্ট, সামাজিক মাধ্যমে একাধিক ছবিও।

কিছুদিন আগেই পরিণীতি জানিয়েছিলেন তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।

রাঘবের সঙ্গে নিজের বিয়ের আগেও একটি গান রেকর্ড করেছিলেন পরিণীতি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই।