সীমিত পরিসরে খুলছে অফিস

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি হওয়া সংঘাত সহিংসতা রোধে জারি করা কারফিউ শিথিল করা হয়েছে। সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস। চালু করা হয়েছে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা। রাজধানীর সড়কে চলছে গণপরিবহন।

অফিস আদালত খোলার বিষয়টি নিশ্চিত করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়,  বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস-আদালত চলবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, সব বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও আদালতের খোলার বিষয়ে সিদ্ধান্ত নিজ নিজ কর্তৃপক্ষের।

এর আগে প্রথমে সরকারের নির্বাহী আদেশে রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এক দিন বাড়িয়ে তা গতকাল পর্যন্ত বাড়ানো হয়। আন্দোলনের নামে বিভিন্ন নাশকতার ঘটনায় জনগণের জানমাল রক্ষায় সরকারের নির্বাহী আদেশে রবিবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।