নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর আঠারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে এয়ারলাইন্সের কারিগরি কর্মীসহ ১৯ জন যাত্রী ছিলেন।
বিমানটির চালক ক্যাপ্টেন এমআর শাক্যকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত (কোটেশ্বর পাশ) থেকে উড্ডয়নের সময় হঠাৎ করে উল্টে মাটিতে পড়ে যায়। মাটিতে পরার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।