অলিম্পিকের আগে প্যারিসে গণধর্ষণের ঘটনায় তোলপাড়

প্যারিস অলিম্পিক শুরুর আগমুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। ২৫ বছর বয়সি অস্ট্রেলিয়ার এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তরুণী অভিযোগ করেছেন যে, পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছে। ঘটনার পর মধ্যরাতে প্যারিসের একটি কাবাবের দোকানে আশ্রয় নেন তরুণী।

প্যারিস পুলিশ জানিয়েছে, ১৯ জুলাই অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি পানশালায় ছিলেন ওই তরুণী। সেখানে মদ্যপানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরেরদিন ওই যুবকের সঙ্গে অনেক জায়গায় বেড়াতে যান অস্ট্রেলীয় তরুণী। রাতে আবারও দুজনে পানশালায় যান। সেখানে ওই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনেন। পাঁচ জন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পর কোনোরকমে যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে প্যারিসের একটি কাবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী। দোকানের সিসি ক্যামেরায় দেখা গেছে, ছেঁড়া পোশাকে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েক জন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন।

সেই যুবককে দেখে তরুণী জানান, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তাদের মধ্যে একজন হলো সেই যুবক। এই কথা শুনে কয়েকজন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কি শুরু হয়। কোনোরকমে যুবক সেখান থেকে পালিয়ে যান। দোকানের মালিকের ফোন পেয়ে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে। তরুণী জানিয়েছেন, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের। কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তিনি জানেন না।

ইতোমধ্যেই গণধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অলিম্পিকের আগে এই ঘটনায় প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অলিম্পিকের সময় বিভিন্ন দেশের সমর্থকেরা সেখানে থাকবেন। সেসময় যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, পুলিশকে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।