উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা-ভর্তি বেলুন পাঠানো নতুন নয়। সম্প্রতি প্রতিদিনই দক্ষিণ কোরিয়ায় আবর্জনা-ভর্তি বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া।
বুধবারও এরকম কিছু বেলুন দক্ষিণ কোরিয়ায় গিয়ে পড়ে। তবে এই প্রথম তা দেশটির প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা এই খবর দিয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরা।
দক্ষিণ কোরিয়ার রাজধানীর ইয়ংসান এলাকায় প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স। প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, বেলুনগুলো আসার পরে দ্রুত রাসায়নিক, বায়োলজিক্যাল, ও রেডিওলজিক্যাল ওয়ারফেয়ার রেসপন্স টিমের সদস্যরা গিয়ে আবর্জনা সরিয়ে দেন।
তাদের তদন্ত ও পরীক্ষার পর দেখা যায়, বেলুনের মধ্যে কোনও বিপজ্জনক জিনিস ছিল না।
সিউলের অন্যান্য অংশে গিয়েও বেলুনগুলো পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের বেলুনগুলো স্পর্শ না করার আহ্বান জানিয়েছেন তারা।
তবে বেলুনগুলো যখন পড়ে, তখন প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন কি না তা জানাননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এর আগের প্রেসিডেন্টরা তাদের সরকারি কাজের জন্য অন্য অফিস ব্যবহার করতেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এই বাসভবন চত্বর থেকেই তার অফিসের কাজ-কর্ম করেন।
সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের প্রচার আরও তীব্র করেছে দক্ষিণ কোরিয়া। তারপরেই আবার আবর্জনা-ভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়া।