ট্রাম্পকে জনসভা না করার পরামর্শ সিক্রেট সার্ভিসের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বড় জনসভা বা কোনো রকম জনসমাগম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস। তবে কেন এই উপদেশ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, আবারও কি ট্রাম্পের উপর হামলার আশঙ্কা করা হচ্ছে?

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিক্রেট সার্ভিস ট্রাম্পকে নিষেধ করেছে তিনি যেন বাইরে কোনো সমাবেশে এখনই যোগ না দেন। নিরাপত্তার কারণেই এই উপদেশ বলেও জানিয়েছে সিক্রেট সার্ভিস। তবে এই সময়ে ঘরোয়া বৈঠক করা যাবে বলে জানানো হয়। 

এদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম চিটল সংস্থার প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। হামলার ঘটনায় সোমবার হাউস কমিটির শুনানির পর তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের কাছ থেকে পদত্যাগ করার আহ্বানের মুখোমুখি হয়েছিলেন। এরপর মঙ্গলবার এক ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, "এই সংস্থার পরিচালক হিসাবে আমি নিরাপত্তার ত্রুটির জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। সাম্প্রতিক ঘটনার কারণে আমি আপনার পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সর্বদা এজেন্সির প্রয়োজনীয়তাগুলোকে সবার আগে গুরুত্ব দিয়েছি। 

গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের ওপর গুলি চালানো ঘিরে বহু রিপোর্টে উঠে আসছে ইরানের সংযোগ ঘিরে জল্পনা চলছে। যদিও ইরান এই গুঞ্জনকে সম্পূর্ণ নস্যাৎ করেছে। এছাড়াও গুলি চালানো ম্যাথিউ ক্রুকসের সঙ্গে ইরানের কোনো যোগ পাওয়া যায়নি।

এদিকে ট্রাম্পের ওপর গুলি চালানো হতে পারে, এমন খবর আগাম ছিল সিক্রেট সার্ভিসের কাছে। সেকথা ট্রাম্পের প্রচার টিমকেও জানানো হয়েছিল, বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট। কিন্তু তারপরও কেন পরিস্থিতি এড়ানো যায়নি? 

প্রসঙ্গত, আমেরিকার সব রাজনীতিকদের নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস নামে ওই সংস্থা। সে দিনের সভায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বেও ছিল তারা। তাই গুলিকাণ্ডের পর সিক্রেট সার্ভিসের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। এর মধ্যেই নতুন করে ট্রাম্পকে নিয়ে আশঙ্কা প্রকাশ করল সিক্রেট সার্ভিস।