নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে তাণ্ডব চালিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। তাতে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন তারা। মুর্শিদা খাতুনের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহ। টস জিতে ব্যাট করতে নেমে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৯ সালে নেপালের পোখারায় ২৫৫ রান করেছিলেন তারা। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মালদ্বীপের বিপক্ষে সেদিন নিগার সুলতানা জ্যোতি করেছিলেন ৬৫ বলে ১১৩ রান। ফারজানা হক ৫৩ বলে ১১০ রান করেছিলেন। মালদ্বীপ সেদিন ৬ রানে গুটিয়ে যাওয়ায় জ্যোতিরা পেয়েছিলেন ২৪৯ রানের বড় জয়।
আজ দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটির পথে মুুর্শিদা খাতুন খেললেন ৫৯ বলে ৮০ রানের ইনিংস। গত ম্যাচেও তিনি ৫৫ বলে ৫০ করেছিলেন। আজ তার ব্যাট থেকে এসেছে ১০টি চার ও ১টি ছক্কা। তবে তিনি অপরাজিত থাকতে পারেননি। শেষ বেলায় আউট হয়ে ফিরে যান।
আজ মুর্শিদার পাশাপাশি জ্যোতিরও ৬২ রানের অবদান আছে। ৩৭ বলে তিনি ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কায়। এছাড়া দিলারা আক্তার ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২০ বলে ৩৩ রান।
মালয়েশিয়ার হয়ে উইকেট দুটি শিকার করেছেন মাহিরা ইজ্জাতি ইসমাইল ও এলসা হান্টার।