মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমিতে পা বাংলাদেশের

মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল বাংলাদেশ। মুর্শিদা-নিগারদের ব্যাটিং তাণ্ডবে প্রায় দুইশোর কাছাকাছি পুঁজি গড়ার পর বল হাতেও আগুন ঝরালেন নাহিদা-জাহানারারা। তাতেই ধরা দিয়েছে বড়সড় জয়।

আজ শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে মালয়েশিয়ার ইনিংস। সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে খানিকটা হোঁচট খেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা। আজ মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সেমিতে কার্যত এক পা দিয়ে রাখল লাল-সবুজের দল।

বি গ্রুপের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে থাইল্যান্ড বড় ব্যবধানে না জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এরই মধ্যে দুই জয় আর ভালো রান রেটে (৪.২৪৩) শ্রীলঙ্কার সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় থাই মেয়েদের। তাদের রেটিং পয়েন্ট ০.০৯৮। পাশাপাশি টেবিলের দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট ১.৯৭১।