চলতি বছরের এপ্রিলে সালমান খানের বাড়ি গ্যালাক্সিতে হঠাৎই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় প্রতিদিনই মুম্বাই পুলিশের হাতে আসছে নতুন নতুন তথ্য। তবে এই ঘটনার প্রায় দুই মাস কেটে গেলেও এ নিয়ে মুখ খোলেননি সালমান। এবার প্রকাশ্যে এল গুলিবর্ষণ নিয়ে মুম্বাই পুলিশকে দেওয়া সালমানের জবানবন্দি। যেখানে সালমান রীতিমতো আতঙ্কের কথা তুলে ধরলেন।
মুম্বাই পুলিশকে সালমান জানিয়েছেন, আমার বিশ্বাস লরেন্স বিষ্ণোই আমাকে এবং আমার পরিবারকে শেষ করে দিতে চায়। আর সে কারণেই আমার বাড়িতে গুলিবর্ষণ হয়েছিল। সেদিন যদি আমি বাড়ির বারান্দায় থাকতাম, তাহলে আমাকেও গুলি করে হত্যা করা হত।
গত এপ্রিল মাসে সালমান খানের বাড়ি অর্থাৎ মুম্বাই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনায় অভিযুক্ত সন্দেহে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়। মৃতের নাম অনুজ থাপন। তার মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বম্বে হাই কোর্টে মামলা হয়। অভিযোগ পত্রে সালমান খানের নামও ছিল। সেই নাম সরানোর নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে শোনা যাচ্ছে, কড়া নিরাপত্তার মধ্যেই এ আর মুরুগাদোসের অ্যাকশন সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমান।