অলিম্পিকে নাশকতার পরিকল্পনাকারী রাশিয়ান যুবক গ্রেফতার

অলিম্পিক শুরুর আগে সেজে উঠেছে পুরো প্যারিস। অলিম্পিক চলাকালীন সময় যেন কোনও নাশকতা না ঘটে সেদিকে নজর রেখেছে ফ্রান্সের পুলিশ। তবে প্রতিযোগিতা শুরুর আগে গ্রেফতার করা হয়েছে রাশিয়ার এক যুবককে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অলিম্পিকের সময় তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন।

এএফপির খবর, গ্রেফতারকৃত রাশিয়ার সেই যুবকের বয়স ৪০। পুলিশ জানিয়েছে, অলিম্পিক চলাকালীন সময় নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি। যুবকের নাম না জানালেও পুলিশ জানায়, একটি হোটেলে ছিলেন। সেখানে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় যুবককে। তাঁর ঘর থেকে অলিম্পিক্সের সুরক্ষা সংক্রান্ত অনেক নথি উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশ জানিয়েছে, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নন।

প্যারিসে কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সেই খবর কিছু সংগঠনের কাছে তিনি পাচার করছিলেন। বাইরের কোনও শক্তির মাধ্যমে অলিম্পিক চলাকালীন সময় নাশকতার পরিকল্পনা ছিল তার।

আটককৃত যুবকের ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে। প্যারিসে অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসি এই বিষয়ে এখনো কিছু বলেনি।