কুমিল্লায় বিএনপি-জামায়াতের আরও ১৮ নেতাকর্মী আটক

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল পর্যন্ত গত ৭ দিনে নাশকতার ৫ মামলায় ১৫৭ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল্লাহ রতন, তাঁতি দলের সহসভাপতি মো. শাহাজাদা, মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুদ্দিন ও জামায়াত নেতা আবুল হাশেম।

কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান বলেন, ৫ নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনকে আটক করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১৫৭ জনকে আটক করা হয়েছে। যারা সরাসরি নাশকতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।