যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ সাত এমপিকে ছয় মাসের জন্য দল থেকে বহিষ্কার করেছে লেবার পার্টি। পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বিবিসির খবর অনুযায়ী, ব্রিটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির দেশের দুই সন্তানের সুবিধার সীমা বাতিল বরতে একটি প্রস্তাব আনে। তবে ভোটাভুটিতে ৩৬৩-১০৩ ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি ছেলে–মেয়ের জন্যও ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন মা–বাবারা। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পান তারা।
লেবার পার্টির প্রায় সব এমপি এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও পক্ষে ভোট দিয়েছেন এই সাতজন। প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির পরই জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে আগামী ৬ মাসের জন্য দল থেকে বহিষ্কার করেন হুইপ। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকবে। এই সময় তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।
২০১৭ সালে দুই সন্তানের সুবিধা চালু করে কনজারভেটিভ সরকার। এই দুই সন্তান সুবিধার সীমা তুলে দেয়া হলে ব্রিটিশ সরকারকে ৩৪০ কোটি পাউন্ড বেশি গুণতে হবে বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ।