সহিংসতা সৃষ্টিকারীরা যাতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে না পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, সহিংসতার ঘটনায় করা ২০০টি মামলায় এ পর্যন্ত ২ হাজারের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তাররা সবাই রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগ, সেতু ভবনে হামলা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলে ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত।
তিনি বলেন, ডিএমপি সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনতে কাজ করছে। এই কাজ আরও বেগবান করা হবে। আমরা পরিকল্পনা করছি, যেন এ ধরনের অপরাধীরা ঢাকা ছাড়তে না পারে। ঢাকার মধ্যে যারাই থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডিএমপি।