নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি গ্রেপ্তার

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য মো. ফারুক আহমেদ (৪৩) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। গ্রেপ্তার ফারুক আহমেদ নরসিংদীর মাধবদীর নুরালাপুরের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তানভীর মাহমুদ পাশা জানান, ফারুক ২০১৩ সালে নরসিংদীর নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত থাকা অবস্থায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিলেন। জঙ্গি কর্মকা- সংঘটনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০২২ সালে র‌্যাব-৯ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে পালিয়ে যাওয়ার আগপর্যন্ত ফারুক নরসিংদী কারাগারেই বন্দি ছিলেন। তিনি কারাগারের ৪ নম্বর সেলে থাকতেন। সেখানে হিজবুল্লাহ, মইনুদ্দিন এবং আবদুল আলীম নামে আরও তিন জঙ্গি তার সঙ্গে থাকতেন।

গ্রেপ্তার ফারুকের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে অন্যদিনের মতো বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সব আসামিকে বিনোদনের সময় দেওয়া হয়। ওই সময় গ্রেপ্তার আসামিসহ সবাই নিজ নিজ সেল থেকে বের হয়ে কারাগারের ভেতর হাঁটছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নরসিংদী জেলা কারাগারের দিকে কয়েক হাজার হামলাকারী উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রভা-ার ভেঙে ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট করে হামলাকারীরা। ওই সময় জঙ্গি ফারুক কারাগার থেকে পালিয়ে যান। ২০ জুলাই ফারুক ঢাকায় তার বোনের বাসায় যান। দুদিন পর ২২ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন।