মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ‘জরুরি নন’ এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার (ওয়াশিংটনের স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলার এ তথ্য জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রথমেই বলছি, বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়ে আমরা আগেই আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ঢাকায় দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প পর্যালোচনা করছি। সেখানকার মার্কিন দূতাবাসের জরুরি নন, এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সে দেশ ত্যাগ করার বিষয়টি আমরা অনুমোদন করেছি।’
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি হয়েেেছ। শিক্ষার্থীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট করে কী পদক্ষেপ নিচ্ছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা দিতে দূতাবাস খোলা রয়েছে।