আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দল চুরির শিকার হয়েছে। বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এই ঘটনা ঘটে। এতে টাকা-পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।
আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাচেরানো এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলন-স্থলে। এ বিষয়ে লিঁও পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল। সেঁত এতিয়েনের কাছাকাছি অবস্থিত কৌঁসুলির অফিস থেকে গতকাল খবরটি নিশ্চিত করা হয়। আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল সেঁত এতিয়েনের একটি হোটেলে উঠেছে।
মহানাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারের পর সংবাদমাধ্যমকে মাচেরানো বলেছেন, ‘ওরা (খেলোয়াড়েরা) অনুশীলনে গিয়েছে, তারা এদিকে অলিম্পিক গেমসে চুরি করেছে। অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি। তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’
মাচেরানো জানিয়েছেন, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে, ‘থিয়াগো আলমাদা তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছে না।’
ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়, ভুক্তভোগী ৫০ হাজার ইউরো চুরির কথা বলেছেন।