যুক্তরাষ্ট্রে কুখ্যাত মাদকসম্রাট এল মায়োসহ এল চাপোর ছেলে গ্রেপ্তার

মেক্সিকোর মাদক চক্র সিনালোয়া কার্টেলের নেতা এবং বিশ্বের অন্যতম কুখ্যাত মাদকসম্রাট ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদাকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো থেকে জামবাদাকে গ্রেপ্তার করা হয়।

জামবাদার সঙ্গে মেক্সিকোর একসময়ের আলোচিত মাদকসম্রাট জোয়াকিন 'এল চাপো' গুজমানের ছেলে জোয়াকিন গুজমান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার জাম্বাদা ও জোয়াকিন গুজমান লোপেজকে গ্রেপ্তারের তথ্য এক ঘোষণায় জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। খবর বিবিসি।

মাদকসম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের সাথে অপরাধমূলক সংগঠন এবং মাদক চক্র সিনালোয়া কার্টেলে প্রতিষ্ঠা করেছিলেন ৭৬ বছর বয়সী জামবাদা। এল চ্যাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি।

ফেন্টানাইল পাচারের জন্য জাম্বাদাকে গত ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত করে মার্কিন প্রসিকিউটররা। মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেন্টানাইল ১৮ থেকে ৪৫ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ। একে যুক্তরাষ্ট্রের এ যাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় মাদক হুমকি বলেও উল্লেখ করেন তারা। 

মার্কিন প্রসিকিউটররা জানান, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী সংগঠন হচ্ছে সিনালোয়া কার্টেল। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লিখিত বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এই দুই ব্যক্তি বিশ্বের অন্যতম সহিংস ও শক্তিশালী মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দানকারী।

জামবাদার বিরুদ্ধে ফেন্টানাইল পাচারের অভিযোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রে মাদক পাচার, খুন, অপহরণ, মানি লন্ডারিং এবং সংগঠিত অপরাধের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তাকে ধরার জন্য ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দিয়েছিল।