বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
৯ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাফিন আহমেদ। একটি কনসার্টে গানও পরিবেশন করেন। ২০ জুলাই ভার্জিনিয়াতে তার আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল। সেদিন অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শাফিনের বড় ভাই হামিন আহমেদ জানান, ম্যাসিভ (গুরুতর) হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের।
ভাই হামিন বলেন, অনুষ্ঠানের দিন ২০ জুলাই ভার্জিনিয়ার হোটেলে আয়োজকরাসহ বসেছিলেন। তখনই শাফিন জানান, তার শরীরটা খারাপ লাগছে। তাই স্টেজ শো বাতিল করতে হবে। মাত্রাতিরিক্ত অস্বস্তিবোধও করছিলেন। একপর্যায়ে সবার সামনে পড়ে যান তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হামিন বলেন, শাফিনকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন কিছুটা ভালোবোধ করেন। আয়োজকরা হাসপাতাল থেকে চলে আসেন। রাত সাড়ে ৩টার দিকে আবার অ্যাটাক হয়, সেটা ম্যাসিভ ছিল। পাঁচ থেকে সাত মিনিট একেবারে অচেতন ছিল। এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয়। সিপিআর শেষে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এই কদিন ভেন্টিলেশন শেষে আজ বাংলাদেশ সময় সকালে তার মৃত্যুর খবরটা জানানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তাঁর মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে। ১৯৭৪ সালে মারা গেছেন কমল দাশগুপ্ত। ফিরোজা বেগমকে বিয়ের পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন কমল দাশগুপ্ত।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।