ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে। এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।  আজ শুক্রবার (২৬ জুলাই) ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এসব কথা জানিয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএফ বলছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষপূর্ণ তৎপরতা’ চালানো হয়েছে। অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে হামলার নিশানা করেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদেরকে ভ্রমণ বাতিল করতে হয়েছে এবং তাদেরকে রেলস্টেশনে আসতেও মানা করা হয়েছে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফ এর প্রেসিডেন্ট বলেছেন, হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে।

তিনি জানান, রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে।

এসএনসিএফ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থলে আগুন জ্বলতে শুরু করে। ইচ্ছাকৃতভাবেই রেললাইনে আগুন দেওয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

এসএনসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রেললাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে বহু ট্রেনযাত্রাই বাতিল করতে হবে। এ সপ্তাহান্তে পরিস্থিতি এমনই থাকবে।

ফ্রান্সের পরিবহণমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টার জন্য ভারগারিত এসএনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন। প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগে এমন হামলা হলো। এবার অলিম্পিকে ৭ হাজার অ্যাথলেট এবং তিন লাখ দর্শক অংশ নিচ্ছে।