পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি দুই নারী ও ছয় পুরুষ। মুক্তিপ্রাপ্ত ৮ ফিলিস্তিনি জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হেফাজতে তাদের ভয়ংকর নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাদের মুক্তি দেওয়া হয়। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়ার পর এই ৮ ফিলিস্তিনি জানান, হেফাজতে থাকার সময় তাদের নির্যাতন ও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে। বন্দিদের মধ্যে কিছু পুরুষ শারীরিক নির্যাতনের লক্ষণ দেখান, তারা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
মুক্তিপ্রাপ্তরা বলেন, ইসরায়েলি বাহিনীরা সবসময় আমাদের হাত-পা বেঁধে রাখত। খাবার হিসেবে আমাদের জন্য বাসি রুটি ছুড়ে দিত তারা। আমাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হতো। কিন্তু অসুস্থ অবস্থায় আমাদেরকে কোনো প্রকার ওষুধ দেওয়া হতো না। আমাদেরকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হতো। আমাদের সাথে অকথ্য ভাষা ব্যবহার করা হতো এবং রাত-দিন শারীরিক নির্যাতন চালানো হতো।
মুক্তিপ্রাপ্তদের একজন বলেন, ইসরায়েলি বাহিনীরা শুধু আমার শরীরে নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি; তারা আমার মুখের মধ্যে বৈদ্যুতিক শক দিয়েছে।
এদিকে আন্তর্জাতিক চাপকে পাত্তা না দিয়ে গাজায় চারদিক থেকে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। এরমধ্যে খান ইউনিস শহরে আইডিএফের বিমান হামলা থেকে প্রাণে বাঁচতে এলাকা ছাড়তে চাইলে বাসিন্দাদের উপরও নির্বিচারে স্নাইপার আক্রমণ চালানো হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হলেও গাজার সর্বত্রই বোমা হামলা চলছে।