ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের নতুন ক্যারিয়ারে এখন বসন্ত। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আইপিএল শিরোপা জয়ের পর তিনি এখন ভারতের জাতীয় দলের প্রধান কোচ। বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় তাকে আনা হয়েছে। গম্ভীরকে নিয়ে কম-বেশি সবাই আশাবাদী। রবি শাস্ত্রীও এর বাইরে নন। তিনি উচ্ছসিত প্রশংসা করেছেন গম্ভীরের।
আগামীকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে গম্ভীরের নতুন মিশন শুরু হতে যাচ্ছে। তার আগে আইসিসি রিভিউ অনুষ্ঠানে ৪২ বছর বয়সী গম্ভীরকে নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘সে সমসাময়িক, আইপিএলে সদ্যই দারুণ একটি মৌসুম গেছে তার। আমার মনে হয় সে উপযুক্ত বয়সে আছে, সে তরুণ। নতুন ভাবনা আনবে। বিশেষ করে সাদা বলে সে বেশির ভাগ খেলোয়াড়কে জানে, আইপিএলে দলগুলোর অংশ ছিল বলে।’
তবে ভারত জাতীয় দলকে সামলানো যে ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জ, সেটিও মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী, ‘অবশ্যই খেলোয়াড় ব্যবস্থাপনা কোচ হিসেবে গুরুত্বপূর্ণ। সে কীভাবে এগোয়, সেটি দেখাটা চমকপ্রদ হবে। আমার মনে হয় তার অস্ত্র আছে, তার উপকরণ আছে এবং তার অভিজ্ঞতাও আছে। যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের বুঝতে পারাটাই ব্যাপার। তাদের শক্তির জায়গা কোনটি, তারা কেমন মানুষ এবং মেজাজ কেমন। তাদের ব্যক্তিত্ব কেমন। একজন মানুষকে বুঝতে পর্দার আড়ালে অনেক কিছুই করতে হয়।’